বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এসএসসি নিয়ে একের পর এক মামলা।
নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানেও কীভাবে অযোগ্য প্রার্থী বসলেন সেই প্রশ্ন তুলে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এই সংক্রান্ত মামলায় বিচারপতি অমৃতা সিনহার সাফ নির্দেশ, ‘দাগি’দের পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে।
এর আগে আদালতের নির্দেশে দাগিদের তালিকা প্রকাশ হয়েছে ঠিকই। তবে ফের সেই তালিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি সিনহা। বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি গ্রুপ সি-গ্রুপ ডি-র ৩,৫১২ জনের তালিকা প্রকাশ করেছে। তবে তারাই সুপ্রিম কোর্টে জানিয়েছিল অযোগ্যদের সংখ্যা ৭,২৯৩। এরপরই এই ৭ হাজার ২৯৩ জনের সম্পূর্ণ তালিকা প্রকাশ করার জন্য কমিশনকে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা।
