লক্ষ্য এখন আগামী বাজেট ঘোষণা

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। নির্ঘণ্ট ঘোষণা না হলেও সবকিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসে রাজ্যে বিধানসভা ভোট।

তার আগে মমতা সরকারের তৃতীয় মেয়াদের শেষ বাজেট পেশ হবে ফেব্রুয়ারীতে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গ বিধানসভার অন্তর্বর্তী বাজেট পেশ হবে আগামী ২ ফেব্রুয়ারি। সেই বাজেটে কী কী চমক থাকবে? আপাতত সকলের নজর সেদিকে।

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘৩১ জানুয়ারি শেষ হবে বিধানসভার বাজেট অধিবেশন। প্রথম দিন শোকপ্রস্তাবের পর অধিবেশন মুলতবি করে দেওয়া হবে। রাজ্য সরকার অন্তর্বর্তী বাজেট পেশ করবে আগামী২ তারিখ। ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অধিবেশন।’’ রাজ্য সরকারের পক্ষ থেকে জনহিতকর একাধিক প্রকল্পে বরাদ্দ বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। নবান্নের একটি সূত্র বলছে, স্বাস্থ্য, শিক্ষা, গ্রামীণ উন্নয়ন, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান এই পাঁচটি ক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দিয়ে হতে পারে একাধিক বড় ঘোষণা।