জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। চাপ বাড়ছে ধাপার উপরে। তাই আবর্জনা ফেলার নতুন জায়গা খুঁজতে তৎপর হয়েছে কলকাতা পুরসভা। ধাপার পাশাপাশি নতুন একটি ডাম্পিং গ্রাউন্ড তৈরি করতে এবার প্রায় ৭৩ হেক্টর কৃষিজমি অধিগ্রহণ করল কলকাতা পুরসভা।
ধাপার পাশেই গড়ে উঠতে চলেছে এই নতুন ডাম্পিং গ্রাউন্ড। মূলত ধাপার উপর থেকে চাপ কমাতে এবং বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক পরিকাঠামো গড়ে তুলতেই এই নতুন জায়গার ব্যবস্থা করা হয়েছে। নতুন ল্যান্ডফিল সাইট থেকে ধাপার সম্প্রসারণের কাজে ব্যবহৃত হবে এই নতুন জমি।
কলকাতা পুরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ বর্তমানে দিন প্রতি ১৫০০ টন বর্জ্য থেকে সার, প্লাস্টিকজাত দ্রব্য এবং সিএনজি উৎপাদন করতে পারে। তবে ভবিষ্যতে সেই ক্ষমতা বাড়িয়ে ২৫০০ টন করা হবে বলে পরিকল্পনা পুরসভার। এই ৭৩ হেক্টর জমিতে নতুন রিসাইক্লিং ইউনিট স্থাপন করা হবে।
