আসন্ন নির্বাচনের বাজেটে রাশ টানবে কেন্দ্র

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার ২০২৬ কে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। তার জন্য বাজেটও মোটা অঙ্কের ধরা হয়েছে। সাংগঠনিক এবং প্রচারের কাজে ৫০০ কোটিরও বেশি বাজেট ধরা হয়েছে বলে জানা যাচ্ছে।

তবে এই সমগ্র ব্যয় খরচের হিসাব বঙ্গ বিজেপির নেতাদের হাতে নয়, বরং নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্রীয় নেতাদের হাতে। জানা যাচ্ছে, বাংলায় একুশের বিধানসভা ভোটে ১০০ কোটির কিছু বেশি টাকা খরচ হয়েছিল বিজেপির। সেখান থেকে এবার একলাফে খরচ বাড়ছে কয়েক গুণ। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, কেন্দ্রীয় অর্থেই আসে এই তহবিল। নির্বাচন চলাকালীন এ রাজ্যে থাকবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রচার এবং সাংগঠনিক কাজে কোথায় কী খরচ হবে তা তাঁর অনুমোদন মাফিক হবে। যে আসনগুলিকে ‘জয়ের লক্ষ্য’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেগুলির ক্ষেত্রে প্রায় দ্বিগুণ ব্যয় ধরা হয়েছে।