বাড়ানো হতে পারে চায়ের পরিমান

ছুটিতে পাহাড়ে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে উত্তরবঙ্গের নাম। চিরকালই উত্তরবঙ্গের পাহাড় টানে আপামর বাঙালিকে। আর উত্তরবঙ্গ মানেই ভ্রমণ প্রেমিদের সাথে সাথে চা প্রেমিদেরও মনের জায়গা। এবার উত্তরবঙ্গ থেকে আরও বেশি সিটিসি চা কেনার আগ্রহ প্রকাশ করল ওয়েস্টার্ন ইন্ডিয়া টি ডিলার্স অ্যাসোসিয়েশন।

চা প্যাকেটজাতকারীদের ওই সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এমন কথা উঠে এসেছে। আহমেদাবাদে আয়োজিত ওই সভায় গুজরাট, রাজস্থান ও মহারাষ্ট্রকেন্দ্রিক ওই সংগঠনটি ডুয়ার্স তথা উত্তরবঙ্গের চা যাতে আরও স্বাস্থ্যবান্ধব হয় তার ওপর জোর দিয়েছে। সেক্ষেত্রে বিপণনের ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হবে না বলে সংগঠনের কর্তাদের মূল্যায়ন।

সভায় দেশের মাথাপিছু চা পানের পরিমাণ ৮৬৩ গ্রাম থেকে বাড়িয়ে ১ কেজিতে করার ব্যাপারে লক্ষ্য নেওয়া হয়েছে। পরিকল্পনাটির নাম দেওয়া হয়েছে ‘মিশন ১ কেজি’। বর্তমানে উত্তরবঙ্গের মোট উৎপাদন ৪১০ মিলিয়ন কেজি। এর মধ্যে দার্জিলিংয়ের অর্থডক্স ক্যাটিগোরির ৫.৬ মিলিয়ন কেজি বাদ দিলে বেশিরভাগটাই তরাই- ডুয়ার্সের সিটিসি। এর একটা বড় অংশই পশ্চিম ভারতে চলে যায়।