ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব আফগানিস্তান। রবিবার গভীর রাতে নাঙ্গারহার ও কুনার প্রদেশে আঘাত হানে ৬ মাত্রার ভূমিকম্প। স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এপিসেন্টার ছিল জালালাবাদের পূর্ব দিকে প্রায় ২৭ কিলোমিটার দূরে।
জানা গেছে, এখন পর্যন্ত অন্তত ৬২২ জনের মৃত্যু হয়েছে ও আহত হয়েছেন প্রায় দেড় হাজার মানুষ। বহু গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন অনেকে। পাহাড়ি দুর্গম এলাকা হওয়ায় উদ্ধারকাজে তীব্র সমস্যার মুখে পড়েছে ত্রাণকর্মীরা।
ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে কাবুল থেকে ইসলামাবাদ পর্যন্ত দুলে ওঠে বহুতল ভবন। আতঙ্কে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। কাঁচামাটির তৈরি বাড়িগুলো মুহূর্তেই ভেঙে পড়ে, প্রাণ হারায় অসংখ্য গ্রামীণ মানুষ।
আন্তর্জাতিক মহল থেকে জরুরি সহায়তা চাওয়া হচ্ছে। ত্রাণ ও উদ্ধার সামগ্রী পৌঁছে দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। ইতিমধ্যেই একাধিক দেশ আফগানিস্তানকে সাহায্যের আশ্বাস দিয়েছে।
