ভর্তি প্রক্রিয়ায় উ*ত্তেজনা, কলেজে এবিভিপি ও এসএফআই সং*ঘর্ষের জেরে বন্ধ সব সহায়তা কেন্দ্র

নতুন ছাত্র-ছাত্রীদের ভর্তি প্রক্রিয়ার ফিজিক্যাল ভেরিফিকেশনের দিনেই উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ির আনন্দ চন্দ্র কলেজ চত্বর। কলেজে সহায়তা কেন্দ্র খোলাকে কেন্দ্র করে এবিভিপি ও এসএফআই-র সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়।

ঘটনায় উভয় পক্ষের একাধিক ছাত্র আহত হয়েছেন বলে জানা গিয়েছে। কলেজ সূত্রে জানা যায়, নতুন পড়ুয়াদের ভর্তি সংক্রান্ত সহায়তার জন্য দুই ছাত্র সংগঠনই আলাদা সহায়তা কেন্দ্র খুলেছিল। অভিযোগ, কেন্দ্র খোলাকে ঘিরেই দুই পক্ষের মধ্যে বাধা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

প্রথমে তর্ক-বিতর্ক, পরে তা সংঘর্ষে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। কলেজের অধ্যক্ষ দেবাশীষ দাস ও শিক্ষক- শিক্ষিকারাও হস্তক্ষেপ করেন। এরপর কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, ক্যাম্পাসের ভিতরে কোনও ছাত্র সংগঠনের সহায়তা কেন্দ্র রাখা হবে না।

কলেজের অধ্যক্ষ জানান, শিক্ষার পরিবেশ বজায় রাখতে ও নতুন ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ও কলেজের গেটে পুলিশ মোতায়েন রয়েছে, যাতে নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।