মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার চলছে SIR-এর কাজ। ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজে নিযুক্ত করা হয়েছে স্কুল শিক্ষকদের একাংশকে।
আবার সামনেই শুরু হয়ে যাবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। সবমিলিয়ে সমানে চাপ বাড়ছে স্কুল শিক্ষকদের ওপর। এরই মধ্যে এবার শিক্ষকদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল শিক্ষা সংসদ। পরিস্থিতি বিবেচনা করে শিক্ষকদের কাজের চাপ কমাতে পরীক্ষার কাজের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তরফে।
জানানো হয়েছে, থিওরি পরীক্ষায় হেড এগ্জ়ামিনাদের সর্বোচ্চ ২১ দিনের বেশি কাজ দেওয়া যাবে না। এগ্জ়ামিনারেরা তিন দিন কাজ করবেন সর্বোচ্চ। স্কুটিনিয়ারদের সর্বোচ্চ কাজ করতে পারেবেন ১০ দিন। ডিস্ট্রিক্ট অ্যাডভাইজ়ারি কাউন্সিলের সদস্য শিক্ষকদের সর্বোচ্চ ১৬ দিনের কাজ দেওয়া যাবে। আর সংসদের নমিনিদের সর্বোচ্চ ১৩ দিন সময় দেওয়া যাবে। সংসদ আরও জানিয়েছে, ছুটির দিন বা রবিবার কাজ করলে ‘অন ডিউটি’ দেওয়া হবে।
