মেট্রো লাইনে বেড়ে চলেছে ভোগান্তি

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর মেট্রো কতৃপক্ষের তরফে। ব্লু লাইনে মেট্রো জট অব্যাহত। ব্যস্ত সময়ে আবারও সমস্যা দেখা দিল দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুটে। জানা গিয়েছে, দক্ষিণেশ্বর থেকে দমদম স্টেশনের মধ্যে দেরিতে চলছে মেট্রো।

বরানগর স্টেশনে দীর্ঘক্ষণ মেট্রো দাঁড়িয়ে থাকায় ব্যস্ত সময়ে বড়সড় সমস্যার মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে বার্তায় বলা হয়েছে, সিগন্যালিংয়ের জেরে হতে পারে এই সমস্যা। মেট্রোর তরফে জানানো হয়েছে, সোমবার রাতে পেট্রোলিং চলার সময় বরানগর এবং নোয়াপাড়ার মাঝে একাধিক জায়গায় সিগন্যালিংয়ের কেবল কাটা রয়েছে বলে লক্ষ্য করেন মেট্রো রেল কর্মীরা।

নতুন কেবল লাগিয়ে দ্রুত পরিস্থিতি ঠিক করার চেষ্টাও করা হয়। কিন্তু এখনও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ম্যানুয়াল সিগন্যাল ব্যবহার করা হচ্ছে বলে জানানো হয়েছে মেট্রোর তরফে। সেই কারণেই এদিন মেট্রো চলাচলে বিলম্ব হতে পারে বলে মনে করা হচ্ছে।