ক্রমবর্ধমান সাইবার প্রতারণা থেকে প্রবীণ নাগরিকদের সুরক্ষিত রাখতে উদ্যোগ নিল মহকুমা প্রশাসন। জেলা প্রশাসনের নির্দেশক্রমে সোমবার ইসলামপুর টাউন লাইব্রেরি হলে মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রবীণ নাগরিকদের নিয়ে একটি সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়।
এই সেমিনারে উপস্থিত ছিলেন ইসলামপুরের মহকুমা শাসক আঙ্কিতা আগারওয়াল, ডেপুটি ম্যাজিস্ট্রেট বিপ্লব বিশ্বাস, এসিএমওএইচ ডা. দীপ সামন্ত, মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস, সাইবার ক্রাইম থানার আইসি, মহকুমা আদালতের এপিপি জনার্দন সিংহ সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিক।
সেমিনারে প্রবীণ নাগরিকদের সাইবার প্রতারণার বিভিন্ন কৌশল সম্পর্কে অবহিত করা হয় ও কীভাবে এসব প্রতারণা থেকে নিজেদের সুরক্ষিত রাখা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আধিকারিকরা জানান, বর্তমানে অনলাইন প্রতারণার ঘটনা ক্রমশ বাড়ছে ও অনেক সময় প্রবীণ নাগরিকরাই এর শিকার হচ্ছেন।
প্রবীণ নাগরিক প্রকাশ ঠাকুর জানান, বর্তমান প্রযুক্তির সঙ্গে অনেক প্রবীণ মানুষ পুরোপুরি পরিচিত নন। সেই কারণে তাদের সচেতন করার জন্য এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহকুমা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতেও প্রবীণ নাগরিকদের সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
