বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে শুরুটা জ্বালাপোড়া দিয়ে হলেও ঝড়-বৃষ্টির জেরে মনোরম আবহাওয়া দক্ষিণবঙ্গে।
আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। হাওয়া অফিস বলছে আপাতত ৭ মে অবধি ঝড়-জলের পালা। শুধু তাই নয়, গোটা মাস জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়-বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা। হাওয়া অফিসের পূর্বাভাস, মে মাসে কম তাপমাত্রা থাকবে। হবে বাড়তি বৃষ্টিও। তাপপ্রবাহের সতর্কতা আপাতত নেই কোথাও। দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়-বৃষ্টির অধিক সম্ভাবনা।
পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে কিছু জেলায়। আবহাওয়া দপ্তর বলছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবার পশ্চিমবঙ্গ, অসম হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। এর কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আর ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
