মা হওয়ার পর প্রথম জন্মদিন, একরত্তিকে কোলে নিয়ে কেক কাটলেন সোহিনী

মা হওয়ার পর প্রথম জন্মদিন। কোলে মাত্র ১০ দিনের সন্তানকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন অভিনেত্রী সোহিনী সরকার। নীল পোশাকে, স্বল্প সাজে কাছের বন্ধুদের সঙ্গে বিশেষ দিনটি উদ্‌যাপন করেন তিনি।

সোহিনী ও শোভন গঙ্গোপাধ্যায়ের বাবা-মা হওয়ার খবর আগেই প্রকাশ্যে এসেছিল। এবার ছেলেকে কোলে নিয়ে জন্মদিনের ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের শুভেচ্ছায় ভেসেছেন অভিনেত্রী। অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীও ছবি শেয়ার করে সোহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন।

মা হওয়ার আগে পর্যন্ত কাজ থেকে দূরে থাকেননি সোহিনী। আসন্ন পুজোয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ ছবিতে যিশু সেনগুপ্তের সঙ্গে তাঁকে দেখা যাবে। তবে আপাতত অভিনয়ের ব্যস্ততার চেয়ে মাতৃত্বের নতুন অধ্যায়ই যে তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ, জন্মদিনের ছবিতে তারই আভাস মিলেছে।