মুর্শিদাবাদের মাঠে উদ্ধার সকেট বোমা, ভোটের আগে চাঞ্চল্য

পাইকপাড়ার রেশ কাটতে না কাটতেই এবার উত্তপ্ত মুর্শিদাবাদ। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে হরিহরপাড়া থানার বিহারিয়া গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণপুর মাঠ থেকে উদ্ধার হলো এক ব্যাগ সকেট বোমা। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে রামকৃষ্ণপুর মাঠের পাশে একটি পুকুরের ধারে কৃষকরা কাজ করতে যাওয়ার সময় একটি সন্দেহজনক নাইলনের ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগের মুখ আংশিক খোলা থাকায় ভেতরে ধাতব বস্তু দেখতে পেয়ে সন্দেহ হয় তাঁদের। খবর দেওয়া হয় হরিহরপাড়া থানায়।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করে যে, ওই ব্যাগে শক্তিশালী সকেট বোমা রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা বা বিস্ফোরণ এড়াতে পুলিশ আপাতত ওই ব্যাগটি বালির বস্তা দিয়ে ঘিরে রেখেছে। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য। ভোটের মুখে এভাবে জনবহুল মাঠের পাশে বোমা উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা আশরাফুল মোল্লা জানান: “আমরা সকালে মাঠে আসতেই ব্যাগটা দেখি। পুলিশ এসে বলল ওতে সকেট বোমা আছে। ভোটের আগে এসব দেখে আমরা খুব আতঙ্কে আছি। কার ক্ষতি করার জন্য এসব রাখা হয়েছিল কে জানে !”

কে বা কারা এই ব্যাগটি সেখানে ফেলে রেখে গেল, তা নিয়ে তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, ভোটের সময় এলাকায় সন্ত্রাস ছড়াতেই এই বোমাগুলো মজুত করা হচ্ছিল। আশেপাশের অন্যান্য ঝোপঝাড় বা পুকুরপাড়ে আরও বিস্ফোরক লুকানো আছে কি না, তা খতিয়ে দেখতে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।