কৌশল্যা শ্মশান কালীমেলায় স্লোগানযুদ্ধ, ভোটের আগে বাড়ছে হাইভোল্টেজ লড়াই

খড়গপুর সদরের কৌশল্যার শ্মশান কালীপুজোর মেলাকে ঘিরে নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। প্রতি বছরের মতো এবারও এই মেলায় উপচে পড়া ভিড়, আর সেই ভিড়কেই প্রচারের বড় মঞ্চ হিসেবে বেছে নিয়েছে দুই প্রধান রাজনৈতিক শিবির—বিজেপি ও তৃণমূল। প্রথমে মেলায় পৌঁছান তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। মন্দিরে পুজো দিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এরপর মেলা প্রাঙ্গণ ছেড়ে রাস্তায় বেরোতেই সামনে পড়ে যান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

মুহূর্তের জন্য থমকে দাঁড়ান প্রদীপ, আর ঠিক তখনই এগিয়ে এসে হাত বাড়িয়ে দেন দিলীপ ঘোষ। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এই সৌজন্য বিনিময় নজর কেড়ে নেয় সকলের। তবে বাইরে ছিল ভিন্ন চিত্র। দুই শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা, একদিকে “জয় শ্রী রাম”, অন্যদিকে “জয় বাংলা” স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মানুষই ঠিক করবে কাকে জেতাবেন। দীর্ঘদিনের পরিচয়ের কথা উল্লেখ করে তিনি জানান, “আমি বিধায়ক ছিলাম, ও খড়গপুরের চেয়ারম্যান ছিল।

মানুষকে দেখলে কি কথা বলবো না?” অন্যদিকে, প্রদীপ সরকারের গলায় শোনা যায় ভিন্ন সুর। তিনি বলেন, “সৌজন্যতা দেখানো হয়েছে ঠিকই, কিন্তু কালীমন্দিরে এসে ‘জয় শ্রী রাম’ স্লোগান—এটা কি সম্ভব? আজ রাম জীবিত থাকলে লজ্জা পেতেন।” সব মিলিয়ে, ধর্মীয় আবহের মধ্যেও রাজনৈতিক উত্তাপ স্পষ্ট। প্রচার যত এগোচ্ছে, ততই হাইভোল্টেজ লড়াইয়ের আভাস মিলছে খড়গপুর সদর বিধানসভা। তবে শেষ হাসি কে হাসে তা বলবে ৪ ঠা মে।