জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। তথ্য অনুযায়ী, ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন যে, ভারত ও ওমানের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি তথা FTA আগামী ১ জুন থেকে কার্যকর হতে পারে। এই চুক্তিটি ২০২৫ সালের ডিসেম্বরে স্বাক্ষরিত হয়েছিল।
এদিকে, পীযূষ গোয়েল আরও বলেন, ‘আজ ওমান দলের সঙ্গে আমার একটি ভালো বৈঠক হয়েছে এবং ওমানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিটি ১ জুন, ২০২৬ থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।’ জানিয়ে রাখি যে, বাণিজ্য ও বিনিয়োগ প্রসারের উপায় নিয়ে আলোচনা করতে ওমান থেকে প্রতিনিধিদল ভারতে এসেছে। এই চুক্তির অধীনে, কৃষি পণ্য থেকে শুরু করে বস্ত্র এবং চামড়ার সামগ্রীসহ ভারতের ৯৮ শতাংশ রফতানি ওমানে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। অন্যদিকে, ভারত ওমানের খেজুর থেকে শুরু করে মার্বেল এবং পেট্রোকেমিক্যালের মতো পণ্যের ওপর শুল্ক হ্রাস করবে। এদিকে, চিলির বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক সম্পর্কে জানতে চাওয়া হলে বাণিজ্যমন্ত্রী জানান দুই দেশের অর্থনীতির আকার এবং একে অপরের জন্য উপলব্ধ সুযোগের মাত্রার ভিন্নতার কারণে কিছু চ্যালেঞ্জ রয়েছে।
