মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। এই আবহে এসআইআর নিয়ে বিভিন্ন সময় নতুন নতুন তথ্য জানতে পারা যাচ্ছে। এরই মধ্যে দেশজুড়ে আধার-তথ্যভাণ্ডারকে আরও পরিষ্কার ও নিরাপদ রাখতে বড় পদক্ষেপ নিল UIDAI।
মৃত মানুষের আধার নম্বর আর যেন কোথাও অপব্যবহার না হয়, তা নিশ্চিত করতে একসঙ্গে ২ কোটির বেশি আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে। তথ্য অনুযায়ী, সম্প্রতি বিহার ও পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে ভোটার তালিকা সংশোধন (SIR) চলাকালীনই মৃত মানুষের ২ কোটিরও বেশি আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে।
সারা দেশে ‘স্বচ্ছতা’ অভিযান চালিয়ে আধারের তথ্যকে সঠিক ও নির্ভুল রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের বৈদ্যুতিন ও তথ্য-প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছ থেকে মৃত ব্যক্তিদের তথ্য UIDAI-এর হাতে পৌঁছেছে। সেই সঙ্গে স্পষ্ট করে বলা হয়েছে, কেউ মারা গেলে তাঁর আধার নম্বর অন্য কাউকে দেওয়া হয় না। অনিয়ম রুখতেই UIDAI এবার কড়া উদ্যোগ নিয়েছে।
