মোবাইল ফোনে ম্যাজিক দেখে স্টান্ট অনুশীলন করতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারাল এক সপ্তম শ্রেণির ছাত্র। শুক্রবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে। মৃত ছাত্রের নাম রিপম মণ্ডল (১২)।
বনগাঁর কালুপুর এলাকার বাসিন্দা রিপম স্থানীয় স্কুলের একজন মেধাবী ছাত্র ছিল। তার বাবা দেবব্রত মণ্ডল জানিয়েছেন, পড়াশোনা ও খেলাধুলার পাশাপাশি মোবাইলে ম্যাজিক দেখার প্রতি তার প্রবল আকর্ষণ ছিল।
শুক্রবার ছিল শিক্ষক দিবসের ছুটি। বাবা ও ছেলে একসঙ্গে বাড়ির পাশের পুকুরে মাছ ধরে দুপুরে বাড়ি ফেরে। এরপর রিপম স্নান করতে বাথরুমে যায়। দীর্ঘ সময় ধরে সে বাথরুম থেকে না বের হওয়ায় বাবা-মায়ের সন্দেহ হয়। তারা দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন, গামছার ফাঁস লাগানো অবস্থায় রিপম মাটিতে পড়ে আছে। তড়িঘড়ি তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
মৃতের বাবা-মা দাবি করেছেন, তাদের ছেলে আত্মহত্যা করতে পারে না। তাদের ধারণা, মোবাইলে দেখা কোনো ম্যাজিক স্টান্ট অনুশীলন করার সময় অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রিপমের বাবা-মায়ের পাশাপাশি প্রতিবেশীরাও এই ঘটনায় স্তম্ভিত।
