জলপাইগুড়ির রাজগঞ্জে এক চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনা সামনে এসেছে। সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় মাসখানেক আগের এই ভয়াবহ নির্যাতনের কথা জানা যায়। পুলিশ অভিযুক্ত প্রতিবেশী এক ষাটোর্ধ্ব বৃদ্ধকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, ঘটনাটি রাজগঞ্জের পানিকৌরি এলাকায় ঘটেছে। অভিযোগ, মাসখানেক আগে একই এলাকার বাসিন্দা ওই বৃদ্ধের ফাঁকা বাড়িতে কিশোরীটি গেলে তাকে একা পেয়ে ধর্ষণ করা হয়। ধর্ষণের পর অভিযুক্ত বৃদ্ধ মুখ বন্ধ রাখতে ছাত্রীকে ভয় দেখায়। আতঙ্কে মেয়েটি পরিবারের কাউকে কিছু জানায়নি।
সম্প্রতি ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। গতকাল, শুক্রবার তাকে রাজগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শারীরিক পরীক্ষায় নিশ্চিত হয় যে মেয়েটি অন্তঃসত্ত্বা। এই ঘটনায় হতবাক পরিবারকে পরে ছাত্রীটি মাসখানেক আগের ঘটনার কথা জানায়।
এরপরই আর কালবিলম্ব না করে পরিবারের পক্ষ থেকে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে পকসো (POCSO) ধারায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে ছাত্রীটিকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা ও শারীরিক পরীক্ষা করা হচ্ছে। আজ, শনিবার ধৃত বৃদ্ধকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে। এই ঘটনায় গোটা পানিকৌরি এলাকায় তীব্র উত্তেজনা এবং চাঞ্চল্য ছড়িয়েছে।
