বিগত বেশ কিছুদিন ধরেই উঠছে অভিযোগ, বাংলার হাজার হাজার স্কুলে গত এক বছরে একটিও পড়ুয়া ভর্তি হয়নি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এই রিপোর্ট প্রকাশ করতেই চাঞ্চল্য ছড়িয়েছে। বলা হয়েছে, গোটা দেশে ৭ হাজার ৯৯৩টি স্কুলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তির সংখ্যা শূন্য।
অথচ এই স্কুলগুলিতেই কর্মরত রয়েছেন প্রায় ২০ হাজার শিক্ষক। এই তালিকার শীর্ষে পশ্চিমবঙ্গ। নয়াদিল্লির রিপোর্ট অনুযায়ী, বাংলায় ৩ হাজার ৮১২টি স্কুলে গত এক বছরে একটিও পড়ুয়া ভর্তি হয়নি। অথচ সেই স্কুলগুলিতে মোট শিক্ষক-শিক্ষিকা রয়েছেন ১৭ হাজার ৯৬৫ জন। বাংলার পরেই রয়েছে তেলেঙ্গানা ও মধ্যপ্রদেশ।
এমনকি উত্তরপ্রদেশের নামও রয়েছে তালিকায়, যদিও যোগীরাজ্যে এমন স্কুলের সংখ্যা তুলনামূলকভাবে কম। কেন্দ্রের পরিসংখ্যান প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে কেন্দ্রীয় রিপোর্টের কঠোর সমালোচনা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর দাবি, “বিজেপি চিরন্তন মিথ্যাবাদী দল। তাদের রিপোর্টও তেমনই চিরন্তন মিথ্যা।”
