জঙ্গলমহলে গেরুয়া ঝড়: ঝাড়গ্রামের চার আসনেই বিজেপির জয়, উৎসবের মেজাজে সমর্থকেরা

সারা বাংলার মতো এবার বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলেও বইল গেরুয়া ঝড়। ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনেই বিজেপি বিপুল ভোটে জয়লাভ করেছে। ফল প্রকাশের পর থেকেই ঝাড়গ্রামসহ গোটা জঙ্গলমহলে বিজেপি নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আনন্দে মেতে ওঠেন জঙ্গলমহলের সাধারণ মানুষও।

আজ কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ঝাড়গ্রাম শহরেও দেখা গেল উৎসবের আবহ। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ায় খুশিতে বিজেপি কর্মী সমর্থকেরা ঝাড়গ্রাম মেন রোড এলাকায় প্রায় ছয় হাজার লাড্ডু ও ঠান্ডা পানীয় শরবত বিতরণ করেন পথচলতি মানুষের মধ্যে।

বিজেপি কর্মী সমর্থকদের বক্তব্য,  ঘরের ছেলে, মেদিনীপুরের ছেলে মুখ্যমন্ত্রী হচ্ছেন, তাই স্বাভাবিকভাবেই আমরা আনন্দিত। দীর্ঘদিন জঙ্গলমহল উন্নয়ন থেকে পিছিয়ে ছিল। এবার মেদিনীপুরের ছেলে মুখ্যমন্ত্রী হওয়ায় জঙ্গলমহল আর পিছিয়ে থাকবে না। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ায় খুশির আবহ এখন গোটা জঙ্গলমহল জুড়ে।