জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। জমি-বাড়ি কেনাবেচায় নাগরিকদের যাতে আর প্রশাসনিক হয়রানির মুখে পড়তে না হয়, সেই লক্ষ্যে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। এবার থেকে রাজ্যের পুর এলাকায় জমি-বাড়ি কেনার পর আলাদা করে পুর-মিউটেশনের আবেদন করতে হবে না।
রেজিস্ট্রেশনের সময়ই স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে মিউটেশন প্রক্রিয়া। অর্থাৎ, সফলভাবে রেজিস্ট্রেশন শেষ হলেই সংশ্লিষ্ট পুরসভার তথ্যভাণ্ডারে পুরোনো মালিকের জায়গায় নতুন মালিকের নাম চলে আসবে স্বয়ংক্রিয়ভাবে। বর্তমানে রেজিস্ট্রেশনের পর পুর-মিউটেশনের জন্য আলাদা করে আবেদন করতে হয়। জমা দিতে হয় দলিল, আগের কোয়ার্টারের সম্পত্তি করের রসিদ, এবং সচিত্র পরিচয়পত্র।
যদিও এই প্রক্রিয়া এখন অনলাইনেও সম্ভব, তবুও অনেকেই হয়রানি এড়াতে তা ফেলে রাখেন। এর ফলে পুরসভার নথিতে প্রাক্তন মালিকের নামই থেকে যায়, যার কারণে সম্পত্তি কর আদায়ে সমস্যা দেখা দেয়। আবার ভবিষ্যতে সেই সম্পত্তি বিক্রি হলে বকেয়া করের দায় এসে পড়ে নতুন মালিকের উপর।
