তোর্সার জলবৃদ্ধি — ফাঁসির ঘাটে ভেসে গেল সাঁকো, আত*ঙ্কে স্থানীয় বাসিন্দারা

আবারও ধীরে ধীরে বাড়ছে তোর্সা নদীর জলস্তর। তার জেরে নদীগর্ভে ভেসে গিয়েছে ফাঁসির ঘাটের অস্থায়ী বাসের সাঁকো। ফলে বিপাকে পড়েছেন কোচবিহার শহরের ১৮ নম্বর ওয়ার্ডের নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘মন্থা’-র প্রভাবে গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অবিরাম বৃষ্টি চলছে। সেই বৃষ্টির জেরেই ক্রমশ ফুলে উঠছে তোর্সা নদী। শনিবার সকালে দেখা যায়, নদীর জলে তলিয়ে গেছে ফাঁসির ঘাটের অস্থায়ী সাঁকোটি।

ফলে যাতায়াতে ব্যাপক সমস্যার মুখে পড়েছে সাধারণ মানুষ। শহর থেকে গ্রাম বা গ্রাম থেকে শহরে যাতায়াত এখন কার্যত ব্যাহত। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, “সাঁকো ভেসে যাওয়ায় এখন ঘুরে অন্য রাস্তা দিয়ে যেতে হচ্ছে। এতে সময় ও ভোগান্তি দুটোই বাড়ছে।”

নদীর জলস্তর আরও বাড়লে আশপাশের এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তারা। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন।