বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ফের চাঞ্চল্যকর মোড় এসএসসি নিয়োগ মামলায়।
সম্প্রতি এই মামলায় সিবিআইয়ের আদালতে এক সাক্ষীর মুখে উঠে এল বিস্ফোরক তথ্য। অভিযোগ, লকডাউনের সময়েও চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হয়েছিল। আর সেই প্রক্রিয়া চালু করেছিলেন তৎকালীন চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও শান্তিপ্রসাদ সিংহ।
সাক্ষীর দাবি, ওই নিয়োগপত্র আরটিআইয়ের নাম করে বিতরণ করা হয়! আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে এসএসসি নিয়োগ দুর্নীতির তিনটি মামলায় এক টেকনিক্যাল অফিসারের দ্বিতীয় দফার সাক্ষ্যগ্রহণ হয়। ওই সাক্ষী জানান, “কর্তৃপক্ষের নির্দেশে চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দেওয়া ছিল আমার দায়িত্ব। ২০১৮ সালে প্রায় পাঁচ থেকে ছ’হাজার নিয়োগপত্র দেওয়া হয়েছিল। হার্ড কপির ভিত্তিতে তৈরি হতো সফট কপি।”
