‘প্রত্যর্পণ’ কর্মসূচিতে মালিকদের হাতে ফিরল উদ্ধার হওয়া মোবাইল

ঝাড়গ্রাম জেলা পুলিশের ‘প্রত্যর্পণ’ কর্মসূচির অংশ হিসেবে বেলপাহাড়ী থানা প্রাঙ্গণে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। প্রয়োজনীয় নথি যাচাইয়ের পর এই মোবাইলগুলি ফেরত দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন বেলপাহাড়ী থানার আইসি স্বরূপ মুখার্জি এবং বেলপাহাড়ী মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) অয়ণ সাধু।

জেলা পুলিশের উদ্যোগে প্রযুক্তিগত অনুসন্ধান ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত জেলায় মোট ৪,৯৩০টি মোবাইল উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ২৭ লক্ষ ৬৯ হাজার টাকা।

‘প্রত্যর্পণ’ কর্মসূচির মাধ্যমে হারিয়ে যাওয়া মূল্যবান মোবাইল প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জনে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ।