উত্তর দিনাজপুরের ইসলামপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ডাম্পার চালককে ধরে ফেলে এবং বেধড়ক মারধর করে। চালক গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ইসলামপুর থানার জগতাগাঁও এলাকায় বৃহস্পতিবার সকালে তুলিকা সিংহ (ষষ্ঠ শ্রেণি) টিউশন থেকে বাড়ি ফিরছিল। তুলিকার বাবা অভিযোগ করেন, তার মেয়ে রাস্তার একদম ধার দিয়ে হাঁটছিল, কিন্তু একটি বেপরোয়া ডাম্পার তাকে পিষে দেয়। তিনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী স্কুলে বা টিউশনে যায়। তারা হেঁটে বা সাইকেলে যাতায়াত করে এবং টিউশন থেকে ফিরে স্কুল যাওয়ার তাড়ার মধ্যে থাকে। এমন দুর্ঘটনা তাদের মধ্যে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
ঘটনাস্থলে ইসলামপুরের পাটাগোড়া ফাঁড়ির পুলিশ দ্রুত পৌঁছায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। একইসঙ্গে, গুরুতর আহত ডাম্পার চালককে চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
