রামপুরহাট কাণ্ড: শিক্ষকের বিরুদ্ধে চার্জগঠন, ‘ধর্ষণ-খুনে’ অস্বীকার

বীরভূমের রামপুরহাটে আদিবাসী ছাত্রীকে ‘ধর্ষণ’ ও নৃশংসভাবে খুন করে দেহ টুকরো টুকরো করার ঘটনায় আজ, মঙ্গলবার আদালতে চার্জগঠন করা হল। এই চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত স্কুলশিক্ষক মনোজ পালকে এদিন রামপুরহাট আদালতে তোলা হয়। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে অভিযুক্তকে আদালতে নিয়ে আসা হলেও, সাংবাদিকদের সামনে তিনি কোনও প্রশ্নের উত্তর দেননি। তবে, আদালতে প্রবেশের সময় নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করেন মনোজ।

সেপ্টেম্বর মাসে ওই ছাত্রীর বস্তাবন্দি টুকরো দেহ উদ্ধারের পরই তদন্ত শুরু করে পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত শিক্ষক মনোজ পালকে। তদন্তকারীরা দ্রুত তথ্যপ্রমাণ সংগ্রহ করে গ্রেপ্তারের মাত্র ১০ দিনের মাথায় গত ২৬ সেপ্টেম্বর মনোজ পালের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। চার্জশিটে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মতো গুরুত্বপূর্ণ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে আদালত সূত্রে খবর।

মৃত কিশোরীর পরিবার এই মামলার দ্রুত নিষ্পত্তি ও অভিযুক্ত শিক্ষকের ফাঁসির দাবি জানিয়েছে। জেলা পুলিশ সুপার আমনদীপ সিং জানান, তদন্তের সব তথ্য ও পরীক্ষাগারের রিপোর্ট পুলিশের হাতে আছে এবং আইনের ভিত্তিতে দ্রুত অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করা হবে।

নাবালিকার পরিবারের আইনজীবীরা মামলাটির ট্রায়াল দ্রুত শুরু করার জন্য আদালতে পিটিশন দাখিল করেছেন এবং আশা করছেন, অভিযুক্ত দোষী প্রমাণিত হলে কঠোরতম শাস্তি পাবে।