বড়পর্দায় ফিরছেন রাজদীপ গুপ্ত! কোন পরিচালকের ছবিতে দেখা যাবে অভিনেতাকে?

টলিপাড়ায় নতুন জল্পনা। সূত্রের খবর, পরিচালক মৈনাক ভৌমিকের আসন্ন ছবিতে দেখা যেতে পারে অভিনেতা রাজদীপ গুপ্তকে। প্রযোজনা সংস্থা ‘স্টুডিও ব্লটিং পেপার্স’।

শুধু রাজদীপই নন, শোনা যাচ্ছে এই ছবিতে অভিনয় করতে পারেন অভিনেত্রী লেখা চট্টোপাধ্যায়ও। পাশাপাশি টলিপাড়ার একাধিক পরিচিত মুখকে নিয়েও কাস্টিংয়ের আলোচনা চলছে বলে খবর।

ছোটপর্দায় এক সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন রাজদীপ। ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে তাঁর জুটি দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল। পরবর্তীতে বহু ধারাবাহিক, ছবি ও সিরিজে কাজ করেছেন অভিনেতা।

তবে গত কয়েক মাসে কাজের অভাব নিয়ে খোলাখুলি মন্তব্য করেছিলেন রাজদীপ। তিনি জানান, অনেক দিন ধরেই উল্লেখযোগ্য কোনও চরিত্রে কাজ নেই তাঁর। স্বল্প সময়ের জন্য কিছু সিরিজে কাজ করলেও স্থায়ী কোনও প্রজেক্ট হাতে আসেনি।

এদিকে, মৈনাকের হাত ধরে নতুন ছবির খবর শোনা গেলেও এ বিষয়ে প্রকাশ্যে নির্মাতা বা প্রযোজকদের তরফে কিছু জানা যায়নি। যদিও ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, শীঘ্রই শুরু হতে পারে শুটিং।