রঘুবংশী হত্যা রহস্যে চমক: সোনমকে ২৩৪ বার ফোন করা ‘সঞ্জয় ভার্মা’ আসলে কে? পরিচয় প্রকাশে হতবাক পুলিশ

রাজা রঘুবংশী হত্যা মামলায় এবারে আসল চমক যা এতদিন ভাবতেই পারেননি কেউ…! টানটান এই মামলায় সম্প্রতি নতুন চরিত্র সঞ্জয় ভার্মার প্রবেশ ঘটে। তদন্তে উঠে আসে সেই সঞ্জয় ভার্মাকে বিয়ের আগে এবং পরে মিলিয়ে অর্থাৎ সোনম গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত দু’শোরও বেশিবার ফোন করেছিল। এবার সেই সঞ্জয় চরিত্রের পর্দাফাঁস করল পুলিশ।

কল রেকর্ড খতিয়ে দেখে প্রাথমিক তদন্তে সঞ্জয় ভার্মাকে সোনমের অন্য এক প্রেমিক বলেই ধরে নেওয়া হয়েছিল। কিন্তু তদন্ত খানিক এগোতেই ‘কাহানি মে টুইস্ট’। পুলিশ ফোন নম্বর ট্রেস করে জানতে পেরেছে সেই সঞ্জয় ভার্মা আর কেউ নয়, সোনম রঘুবংশীর প্রেমিক রাজ কুশওয়াহা।

সোনম ও সঞ্জয় ভার্মার মধ্যে ২৩৪ বার কথোপকথনের কল ডিটেলস পায় পুলিশ।নম্বরটি ট্রু কলারে সঞ্জয় ভার্মার নামে নথিভুক্ত করা হয়েছিল খুবই পরিকল্পিতভাবে। তদন্তে উঠে এসেছে নম্বরটি রাজ কুশওয়াহার বাড়ির ঠিকানায় নিবন্ধিত। মনে করা হচ্ছে, নিজেকে সঞ্জয় ভার্মা বলে পরিচয় দিয়ে সোনমের সঙ্গে কথোপকথন করেছিলেন রাজ কুশওয়াহা।

*রাজার বিয়ে, সোনমের বাগদানের সময়ও এই নম্বরটি ব্যবহার করা হয়েছিল। এরপরই নম্বরটি বন্ধ করে দেওয়া হয়। যদিও সঞ্জয় ভার্মার ঘটনায় পুলিশের তরফে কোনও স্বীকৃতি মেলেনি। পুলিশের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।