রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুন প্রকল্পের কথা জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভাগলপুর-দুমকা-রামপুরহাট রেললাইনের এবার ডাবলিং করার প্রস্তাবে অনুমোদন দিল রেল। বাংলা, বিহার এবং ঝাড়খণ্ড তিন রাজ্যই উপকৃত হবে এই নতুন প্রকল্পের জেরে।
কেন্দ্রীয় রেলমন্ত্রী জানান, এই নতুন প্রকল্পের আওতায় প্রায় ১৭৭ কিমি রেললাইন তৈরি করা হবে। তিন রাজ্যের পাঁচটি জেলার প্রায় ২৮ লক্ষেরও বেশি মানুষ উপকৃত হবেন এই নতুন প্রকল্পে। বর্তমানে বেশিরভাগ ট্রেনই ভাগলপুর থেকে মালদা টাউন হয়ে যায় রামপুরহাট এবং হাওড়ার দিকে।
কিন্তু এই নতুন প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে ট্রেনগুলি ভাগলপুর থেকে দুমকা হয়ে রামপুরহাট পৌঁছাতে পারবে। এতে যাত্রীদের প্রায় দেড় ঘন্টা মতো সময়ও সাশ্রয় হবে। এই নয়া প্রকল্পে তারাপীঠ এবং দেওঘরের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। শুধু যে যাত্রীবাহী ট্রেনই এই রুটে যাতায়াত করবে না। মালগাড়ি চলাচলও করবে এই নতুন প্রকল্পের পথে। প্রায় ৩১৬৯ কোটি টাকা খরচ ধরা হয়েছে এই প্রকল্পের জন্য।
