দুর্ঘটনা এড়াতে বড় পদক্ষেপ রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় খবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। বিগত কয়েক বছরে কয়েকটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে ভারত। প্রতিটি দুর্ঘটনার পর, এতগুলি প্রাণ বিসর্জনের পর প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে।

তাই এবার দুর্ঘটনা এড়াতে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। ভারতীয় রেলওয়ের কবচ ৪.০ দিয়ে প্রতিস্থাপন করার কাজ শুরু হচ্ছে। ভারতীয় রেলওয়ে কবচ ৪.০, এটি একটি স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা যা দুর্ঘটনা কমাতেই বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে।

বিশেষ প্রযুক্তি এবং আপডেটেড ব্যবস্থা রয়েছে এই কবচে যার জেরে সিগন্যালের ত্রুটি বা কোনও মানবিক ভুলের থেকে সৃষ্ট দুর্ঘটনাকে প্রতিহত করা যাবে। জানা যাচ্ছে, এটিতে রয়েছে স্বয়ংক্রিয় ব্রেকের ব্যবস্থা। আচমকা দুটি ট্রেন মুখোমুখি চলে এলে স্বয়ংক্রিয় ভাবে ব্রেক কষবে এই কবচ, যার ফলে এড়ানো যাবে সংঘর্ষ। ট্রেনের চালক এবং কন্ট্রোল রুমের মধ্যে যোগাযোগের মাধ্যম আরও উন্নত করবে।