জনস্বার্থ মামলা দায়ের হলো

পূর্ব ঘোষণা মতোই নির্বাচন হয়েছে সারা রাজ্য জুড়ে, বেশ কিছু জায়গায় অশান্ত পরিবেশ হলেও মোটের ওপর শান্তিপূর্ণভাবেই মিটেছে নির্বাচন। ভোট শেষ হতেই রাজ্যে ভোট পরবর্তী অশান্তি নিয়ে জল্পনা ক্রমেই জোরাল হচ্ছে। সেই আবহে কলকাতা হাইকোর্টে দায়ের হল একটি জনস্বার্থ মামলা, যেখানে ভোট-পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে মামলার শুনানিতে বিচারপতিরা ক্ষুব্ধ হয়েছেন।

বিষয়টি ওঠে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে। আইনজীবী চিত্তরঞ্জন পাণ্ডা এই মামলা দায়ের করে দাবি করেন, ফল ঘোষণার পর রাজ্যে হিংসা ছড়াতে পারে। আবেদনকারীর যুক্তিতে সন্তুষ্ট হননি বিচারপতিরা। শুনানির সময়ই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “কোনও হিংসা হয়নি । আবেদন এক্ষণি খারিজ করব । হিংসার বিষয়টি সম্পূর্ণ আপনার অনুমান ৷”

মামলাকারীর তরফে যুক্তি দেওয়া হয়, ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পর কেন্দ্রীয় বাহিনী রাজ্য থেকে সরিয়ে নেওয়া হবে। এর ফলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আগামী ৪ মে ফল ঘোষণা হওয়ার কথা, আর তার পর অল্প কয়েকদিনই বাহিনী মোতায়েন থাকবে। অতীতে রাজ্যে ভোট-পরবর্তী সংঘর্ষের উদাহরণ রয়েছে বলেও উল্লেখ করেন আবেদনকারী।