তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। যার মধ্যে অন্যতম লক্ষ্মী ভান্ডার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। সরকারি একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পে নাম না থাকায় ক্ষোভে ফেটে পড়লেন মালদা জেলার বাসিন্দারা।
আবেদন করার পরেও ভাতা না মেলায় শনিবার দুপুরে চাঁচল মহকুমার চাঁচল ২ ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের পুরাতন খানপুর গ্রামের প্রায় ৩০০টি পরিবার বিক্ষোভে সামিল হন। গ্রামবাসীদের অভিযোগ, লক্ষ্মী ভান্ডার, বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে আবেদন জানানো হলেও তাঁদের নাম তালিকাভুক্ত হয়নি।
একাধিকবার আবেদনপত্র জমা দেওয়া সত্ত্বেও কোনো সুবিধা মিলছে না বলে দাবি তাঁদের। অনেক প্রবীণ বাসিন্দা বার্ধক্য ভাতার জন্য মাসের পর মাস অপেক্ষা করছেন। তাঁদের কথায়, ব্লক অফিস, পঞ্চায়েত দফতর এবং ‘দুয়ারে সরকার’ শিবিরেও সমস্ত নথি জমা দেওয়া হয়েছে। কিন্তু প্রতিবারই আশ্বাস মিলেছে, সুবিধা মেলেনি। গ্রামের মহিলারাও একই অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি।
