বাড়ছে সমস্যা দক্ষিণ কলকাতায়

ক্রমাগত বদলাতে থাকা আবহাওয়ার এই পরিস্থিতিতে ধীরে ধীরে বিদায় নিচে গরম, আগমন হচ্ছে শীতের। বিগত বেশ কিছুদিন ধরে আগেই ক্রমাগত ঝড় সহ বৃষ্টিপাত হয়। মাস খানেক আগে একদিনের ভয়াবহ বৃষ্টিতে দক্ষিণ কলকাতার আনোয়ার শাহ রোড ও আশপাশের এলাকা কার্যত জলমগ্ন হয়ে পড়েছিল।

যাদবপুর থেকে গাঙ্গুলিপুকুর, যোধপুর পার্ক পর্যন্ত রাস্তায় হাঁটু জল জমে গিয়েছিল। অথচ কয়েক মাস আগেই ওই এলাকার ভূগর্ভস্থ নিকাশি নালা পলিমুক্ত করেছিল কলকাতা পুরসভা। তবু কেন একই সমস্যা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তদন্তে উঠে এসেছে, খালগুলিতে পলি জমে জলধারণ ক্ষমতা কমে গিয়েছে। ফলে নিকাশির পাইপলাইনের মুখ এখন খালের জলস্তরের নিচে। এই পরিস্থিতিতে সমস্যা সমাধানে সেচ দপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে নেমেছে কলকাতা পুরসভা। সমস্যা সমাধানে কলকাতা পুরসভায় বৈঠকে বসেন নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং। উপস্থিত ছিলেন সেচ দপ্তরের কর্তারাও, সঙ্গে পুরসভার একাধিক আধিকারিক। বৈঠকে সিদ্ধান্ত হয়, সেচ দপ্তর ও পুরসভার যৌথ উদ্যোগে ওই অঞ্চল পরিদর্শন করা হবে। জানানো হয়, খাল কাটার প্রয়োজন রয়েছে। সেচ দপ্তরকেও সে ব্যাপারে প্রাথমিক পরামর্শ দেওয়া হয়েছে।