অভিনব ঘটনার নজির গড়ল জলপাইগুড়ি হোলি চাইল্ড স্কুলের ছাত্রী‌ প্রিয়া দত্ত গুহ

সোমবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এক ঘণ্টার জন্য আইসি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেল সে। বর্তমান আইসি সঞ্জয় দত্ত তাঁকে নিজের চেয়ারে বসিয়ে সম্মান জানান। আসলে সোমবার পুলিশ দিবস পালন উপলক্ষে এমন অভিনব আয়োজন করা হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানায়।

ইংরেজি মাধ্যমের ছাত্রীকে এক ঘণ্টার জন্য আইসি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সোমবার দেশ জুড়ে পালিত হচ্ছে পুলিশ দিবস। বিশেষভাবে এই দিনটিকে পালনের উদ্যোগ নেয় জলপাইগুড়ি জেলা পুলিশ। তারই অঙ্গ হিসেবে এদিন জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি-র দায়িত্ব সামলাতে দেখা যায় শহরের নামি ইংরেজি মাধ্যম স্কুলের দশম শ্রেনীর ছাত্রী প্রিয়া দত্ত গুহকে।

এমন সুযোগ পেয়ে খুব খুশি এক ঘণ্টার আইসি প্রিয়া দত্ত গুহ। সে জানায় আজ পুলিশ দিবস উপলক্ষে আমাকে স্কুল থেকে পুলিশ ইন্সপেক্টর নির্বাচিত করে এখানে পাঠানো হয়েছে। আইসি-র চেয়ারে বসে থানার কাজকর্ম পরিচালনা করলাম।