বর্ষাকালীন পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি তুঙ্গে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই ঝড় বৃষ্টির পরিস্থিতি আসলেই প্রতিবছর বর্ষা এলে জলমগ্ন হয়ে পড়ে আলিপুরদুয়ার শহরের একাধিক এলাকা।

স্কুল, হাসপাতাল, বাজার, এমনকি ঘরবাড়ি তলিয়ে গিয়ে সৃষ্টি হয় চরম দুর্ভোগের। কিন্তু এ বছর ছবিটা বদলাতে চায় আলিপুরদুয়ার পুরসভা। তাই আগে থেকেই গঠিত হচ্ছে ৫০ জন সদস্যকে নিয়ে একটি বিশেষ টিম, যাঁরা কন্ট্রোল রুমে বর্ষাজুড়ে পরিস্থিতির ওপর কড়া নজর রাখবেন। শুধু কন্ট্রোল রুম তৈরি নয়, শহরের জল অপসারণ ব্যবস্থাও ঢেলে সাজানো হচ্ছে। পুরসভার ১৪টি পাম্পসেট ইতিমধ্যেই সার্ভিসিংয়ের প্রক্রিয়ায় রয়েছে।

এর মধ্যে ৯টি ইলেক্ট্রিক এবং ৫টি ডিজেলচালিত পাম্পসেট। প্রতিটি ওয়ার্ডের জল নিকাশি ব্যবস্থার সমস্যা মাথায় রেখেই নির্দিষ্ট তালিকা করে ঠিক করা হয়েছে। এছাড়াও পুরসভার নিজস্ব ৯টি নৌকা ইতিমধ্যেই পরিষ্কার করে প্রস্তুত রাখা হচ্ছে।