নভেম্বর মাস মানেই শীতের শুরু। আর শীতের শুরু মানেই বেশ কিছু সবজির দাম কমার কথা। তাই রাজ্যে আলুর দাম যাতে না পড়ে যায় এবং ক্ষুদ্র চাষিরা যাতে কম দামে আলু বিক্রি করতে বাধ্য না হন, সেই কারণেই আলু সংরক্ষণ করে রাখার সময়সীমা বাড়াল রাজ্য সরকার।
বাজারে যোগান ও দাম, দুটোই নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে, এ বছর আলু সংরক্ষণের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হচ্ছে। কৃষি বিপণন দপ্তরের মতে, কয়েকজন অসাধু ব্যবসায়ী চাষিদের ভুল বুঝিয়ে খুব কম দামে আলু কিনে নেওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি ধরা পড়তেই দ্রুত পদক্ষেপ নিয়ে সরকার এই সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
‘ওয়েস্ট বেঙ্গল প্রগ্রেসিভ পটেটো গ্রোয়ার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন’ও সরকারের কাছে সময় বাড়ানোর আবেদন করেছিল। তাঁদের বক্তব্য ছিল সময় বাড়ালে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের আলু কম দামে বিক্রি করতে হবে না এবং তাঁদের স্বার্থও রক্ষা পাবে। দপ্তর জানিয়েছে, এ বছর রাজ্যের ৫১৯টি কোল্ড স্টোরেজে মোট ৭০.৮৫ লাখ মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছে যা অনেক বড় একটি রেকর্ড।
