কোচবিহারে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ ও এসআইআর ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভকে ঘিরে রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে উঠেছে।
বৃহস্পতিবার সকালে কোচবিহার শহর সংলগ্ন খাগড়াবাড়ি এলাকায় একই সময়ে দুই রাজনৈতিক শিবিরের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার পরিবেশ তৈরি হয়।
একদিকে বিজেপির পক্ষ থেকে ‘পরিবর্তন যাত্রা’ উপলক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হচ্ছিল।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। একই এলাকায় দুই রাজনৈতিক দলের কর্মসূচি থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে পুন্ডিবাড়ি থানা ও কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
পথসভার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলেন।
তিনি দাবি করেন, তারা যতই বাধা দেওয়ার চেষ্টা করুক, এই পরিবর্তন যাত্রা জেলার প্রতিটি বিধানসভা এলাকায় পৌঁছবে।
পাশাপাশি তিনি বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হবে ও বিজেপি প্রার্থীরাই জয়ী হবে।
অপরদিকে, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপির সহ-সভাপতি নিশীথ প্রামাণিকও তৃণমূলের বিরুদ্ধে কড়া বার্তা দেন। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসের এতই যদি দম থাকে, তবে তারা বিজেপির পরিবর্তন রথযাত্রার সামনে এসে দাঁড়াক।”
এদিকে এসআইআর ইস্যুতে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে।
কোচবিহার দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভে ব্লক নেতৃত্ব ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ বাঙালিদের হয়রানি করা হচ্ছে ও বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে এই প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগাচ্ছে।
দুই রাজনৈতিক শিবিরের পাল্টা অভিযোগ ও কর্মসূচিকে ঘিরে কোচবিহারের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
