রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে।
রাজধানী দিল্লিতে ক্ষমতায় আসার পর থেকেই প্রশাসনিক স্তরে একাধিক কড়া পদক্ষেপ নিতে শুরু করে বিজেপি সরকার। রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের খোঁজে চিরুনি তল্লাশি, অবৈধ বসতি উচ্ছেদ এবং পুশব্যাক অভিযানের পর এবার রেশন ব্যবস্থার ‘শুদ্ধিকরণে’ নামল রেখা গুপ্ত সরকার।
সেই প্রক্রিয়ার শুরুতেই বাতিল করা হয়েছে ৭ লক্ষেরও বেশি রেশন কার্ড। দিল্লি সরকারের দাবি, দীর্ঘদিন ধরে বহু অযোগ্য ব্যক্তি এবং মৃত মানুষের নাম ব্যবহার করে বেআইনিভাবে রেশন পরিষেবার সুবিধা নেওয়া হচ্ছিল। সরকারের দাবি, এর মধ্যে ৬ লক্ষ ৪৬ হাজার ১২৩ জন এমন ব্যক্তি রয়েছেন যাঁদের পারিবারিক আয় সরকার নির্ধারিত সীমার অনেক উপরে। এছাড়াও প্রায় ৯৫ হাজার গ্রাহক এক বছরের বেশি সময় ধরে রেশন তোলেননি। আরও চাঞ্চল্যকর তথ্য হল, ৬ হাজারের বেশি মৃত ব্যক্তির নামেও রেশন কার্ড সক্রিয় ছিল।
