মিটতে চলেছে বকেয়া টাকা

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে রাজ্যে চর্চা তুঙ্গে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বকেয়া মেটাতে উদ্যোগী হয়েছে। বকেয়ার অংশ পেতে শুরু করেছেন সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তরা।

এই আবহেই এবার মুখে হাসি ফুটতে চলেছে রায়গঞ্জ পুরসভার ঠিকাদাররা। কলকাতা হাইকোর্টের নির্দেশে বকেয়া পেতে চলেছেন তারা। অভিযোগ ছিল, কাজ ঠিকঠাক শেষ করলেও বকেয়া টাকা দেয়নি তৃণমূল পরিচালিত পুর বোর্ড। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভার ঘটনা। সেখানে ২০১৫ সালের টেন্ডারে কাজ পেয়েছিলেন ২০০ জন ঠিকাদার।

২০১৫ সালের কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভার তৎকালীন পুরপ্রধানের নির্দেশে টেন্ডার ইস্যু করে ২৭১টি প্রকল্পের কাজ শুরু হয়েছিল। পরের বছরের মধ্যে ৯ কোটি টাকার কাজ শেষ করেছিলেন ২০০ জন ঠিকাদার। এদিকে ২০১৭ সালের পুর বোর্ডের মেয়াদ শেষ হয়। এরপর পুরসভার প্রশাসক পদে বসেন এসডিও, সমস্যার শুরু। অভিযোগ, তৃণমূলের মদতেই তৎকালীন পুর প্রধানের বিরুদ্ধে প্রশাসনিক ও অর্থনৈতিক অনুমোদন ছাড়াই কাজের অভিযোগ করেন তিনি। বকেয়া টাকা না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই ঠিকাদাররা।