বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই গত এপ্রিল মাসে এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
ইতিমধ্যেই শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ফের পরীক্ষায় না বসে চাকরিহারা শিক্ষকদের অনেকেই ফিরে যেতে চাইছেন ছেড়ে আসা পুরনো সরকারি চাকরিতে। চাকরিহারা শিক্ষকদের মধ্যে অনেকেই শিক্ষাদপ্তরে আবেদন করেছেন পুরনো সরকারি চাকরিতে ফিরে যেতে চেয়ে। এবার সেই বিষয়ে পদক্ষেপ করল রাজ্য।
আবেদনকারীরা ‘যোগ্য’ না ‘অযোগ্য’ তা যাচাই করতে সম্প্রতি ডিআইদের কাছে নির্দেশ পাঠিয়েছে শিক্ষাদপ্তর। চাকরিহারা শিক্ষকদের মধ্যে ১,৫৫৬ জন পুরনো চাকরিতে ফিরে যাওয়ার আবেদন করেন। ওই সংখ্যক আবেদন জমা পড়েছে।
