জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। শুরু হতে চলেছে ভারতের প্রথম সমবায় ট্যাক্সি পরিষেবা—’ভারত ট্যাক্সি’। এই পরিষেবা চালু হলে তা দেশের প্রথম সমবায় ভিত্তিক ট্যাক্সি পরিষেবা হতে চলেছে। বিশেষজ্ঞদের মতে, ভারত ট্যাক্সির সূচনা হলে ওলা-উবেরের মতো সংস্থাগুলির একচেটিয়া বাজারে বড় ধাক্কা লাগতে পারে।
জানা গিয়েছে, আগামী ডিসেম্বর থেকেই বৃহৎ পরিসরে চালু হবে ভারত ট্যাক্সি পরিষেবা। তবে তার আগেই, নভেম্বর মাসে দিল্লিতে শুরু হচ্ছে এই প্রকল্পের পাইলট প্রোগ্রাম। প্রথম পর্যায়ে ৬৫০ জন চালক ও গাড়ির মালিক এই পরীক্ষামূলক উদ্যোগে অংশ নেবেন। সব কিছু ঠিকঠাক চললে ডিসেম্বর থেকেই ধীরে ধীরে অন্যান্য শহরেও পরিষেবাটি চালু হবে।
প্রকল্পের লক্ষ্য অনুযায়ী, ডিসেম্বরের মধ্যে প্রায় ৫,০০০ চালক এই উদ্যোগের সঙ্গে যুক্ত হবেন। দীর্ঘমেয়াদী লক্ষ্য আরও বড় — ২০৩০ সালের মধ্যে প্রায় ১ লক্ষ চালককে এই প্ল্যাটফর্মের আওতায় আনা হবে। কেন্দ্রের দাবি, এই ভারত ট্যাক্সির ক্যাব পরিষেবা কেবল শহরেই সীমাবদ্ধ থাকবে না, বরং জেলা সদর এবং গ্রামীণ এলাকাতেও সাধারণ মানুষ এটি ব্যবহার করতে পারবেন।
