অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি কাজ এই। কলকাতার রাস্তায় রোজকার সাফাইয়ের কাজ বারবার আটকে যাচ্ছিল। অভিযোগ উঠছিল, রাস্তার ধারে দীর্ঘক্ষণ পার্ক করে রাখা গাড়ির কারণেই ঠিকমতো কাজ করতে পারছেন না পুরসভার সাফাইকর্মীরা।
শেষ পর্যন্ত সেই অভিযোগ সরাসরি পৌঁছয় ‘টক টু মেয়র’ কর্মসূচিতে। অভিযোগ শোনার পরই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। আর তার পরেই শহরের রাস্তায় পার্কিং নিয়মে কড়া বদলের পথে হাঁটল পুরসভা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত কলকাতার কোনও রাস্তায় গাড়ি পার্ক করে রাখা যাবে না। বিশেষ করে যে সব গাড়ি দিনের পর দিন রাস্তার ধারে পড়ে থাকে, সেগুলি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। এই সময়েই শহরের বিভিন্ন এলাকায় নিয়মিত সাফাইয়ের কাজ চলে। মেয়রের নির্দেশে পুরো বিষয়টি এগিয়ে নিয়ে যাচ্ছেন পুর কমিশনার সুমিত গুপ্তা।
