যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। ভবিষ্যতে গণপরিবহণে কেমন পরিবর্তন আসবে তা নিয়ে অনেক সময় অনেক কল্পনাই করা হয়েছে। এবার এল এক বড় আপডেট। জলের নীচ দিয়ে মেট্রো, বুলেট ট্রেনের পর এবার গণপরিবহণে জুড়ছে রোপওয়ে!
জানা যাচ্ছে, বারাণসী শহরে এবার চালু হতে চলেছে রোপওয়ে গণপরিবহণ মাধ্যম। শহর ভ্রমণের জন্য চালু হচ্ছে এই মাধ্যম। মনে করা হচ্ছে, এর জেরে যানজট যেমন কমবে, তেমনই পর্যটন ব্যবস্থাও ফুলেফেঁপে উঠবে। তবে পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও এই পরিষেবার সুবিধা নিতে পারবে। বেনারস ক্যান্ট রেলওয়ে স্টেশনকে গোদালিয়া চকের সঙ্গে যুক্ত করবে রোপওয়ে।
প্রায় ৩.৭৫ কিমি ব্যাপী পথ জুড়ে হবে এই রোপওয়ে। মনে করা হচ্ছে, এই রোপওয়ে পরিষেবা চালু হয়ে গেলে সড়কপথে সফরের সময় ৪৫-৫০ মিনিট থেকে নেমে আসবে মাত্র ১৫ মিনিটে। প্রায় ৮০৭ কোটি টাকা খরচ হয়েছে এই প্রকল্পে।
