যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। রাজ্যে পালাবদলের পর থেকে শিল্পের পরিবেশে ঘটেছে আমূল পরিবর্তন। গত ১৪ বছরে একের পর এক দেশি-বিদেশি সংস্থা বিনিয়োগ করেছে বাংলায়। সেই লগ্নির হাত ধরেই বেড়েছে কর্মসংস্থান, খুলেছে শিল্পের নতুন দিগন্ত।
এবার সেই সাফল্যের গল্প শোনাবেন শিল্পপতিরাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আসছে এক অভিনব আয়োজন, ‘বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ’। আগামী ১৮ ডিসেম্বর ধনধান্য প্রেক্ষাগৃহে হবে এই কনক্লেভের উদ্বোধন।নবান্নে শিল্প সংক্রান্ত সিনার্জি বৈঠকের পর সাংবাদিক বৈঠকে কনক্লেভের ঘোষণা করেন রাজ্যের অর্থ দপ্তরের প্রিন্সিপ্যাল চিফ অ্যাডভাইজার ও প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র।
তিনি বলেন, “যাঁরা বিনিয়োগ করেছেন, যাঁরা শিল্প গড়েছেন, যাঁরা কর্মসংস্থান তৈরি করেছেন, তাঁরাই বলবেন তাঁদের সাফল্যের কথা।” তিনি আরও জানান যে, “এই কনক্লেভে আমরা শুনব কত বিনিয়োগ এসেছে, কত কর্মসংস্থান হয়েছে, এবং ভবিষ্যতের রূপরেখা কী। কীভাবে সাফল্যকে আরও এগিয়ে নেওয়া যায়, তাও উঠে আসবে আলোচনায়।”
