জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, সরকারের তরফে উদ্যোগ নিয়েই নেওয়া হলো নয়া সিদ্ধান্ত। এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দফতর। যাতে বলা হয়েছে, এখন থেকে টিআইসি (টিচার ইনচার্জ) বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ আর থাকছে না।
রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার নিয়ন্ত্রিত স্কুলের ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে বলে জানিয়েছে স্কুল শিক্ষা দফতর। শিক্ষা দফতরের নির্দেশিকা অনুসারে কোনও স্কুলে প্রধান শিক্ষকের পদ ফাঁকা থাকলে সেই জায়গায় যিনি দায়িত্বপ্রাপ্ত হবেন তার পদের নাম অ্যাসিস্ট্যান্ট-মাস্টার-ইনচার্জ বা অ্যাসিস্ট্যান্ট-মিস্ট্রেস-ইন-চার্জ হবে এবার থেকে। ‘ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক’ পদ উঠিয়ে এমনটাই জানাল শিক্ষা দফতর।
প্রসঙ্গত, এত দিন পর্যন্ত যে সমস্ত স্কুলে প্রধান শিক্ষক ছিলেন না, সেখানে স্কুলের সব থেকে অভিজ্ঞ শিক্ষকরা টিচার ইনচার্জ পদে বসতেন। তবে সাম্প্রতিক সময়ে একাধিক অনিয়মের অভিযোগ উঠে আসে। বিগত গত কয়েক বছরে রাজ্যের বিভিন্ন স্কুলে সিনিয়ারিটির নিয়ম না মেনেই শাসকঘনিষ্ঠ জুনিয়র শিক্ষকদের ইনচার্জ পদে নিয়োগ করার অভিযোগ উঠছে।
