কেন্দ্র সরকারের তরফে জারি হলো নয়া নির্দেশিকা

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। ই-কমার্স প্ল্যাটফর্মে অবৈধভাবে রেডিও যন্ত্রপাতি বিশেষ করে ওয়াকিটকি তালিকাভুক্তি ও বিক্রয় প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের জন্য আজ ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের অধীনস্থ কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (সিসিপিএ) নির্দেশিকা জারি করেছে।

ভোক্তাদের নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে, আইনি বিষয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং আইন প্রয়োগকারী সংস্থা ও জরুরি পরিষেবা ব্যবস্থার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থায় হস্তক্ষেপ করতে পারে এমনই অবৈধ ওয়্যারলেস যন্ত্রপাতি বিক্রয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

দূরসংযোগ বিভাগ (ডট) এবং গৃহ মন্ত্রকের (এমএইচএ) সঙ্গে বিস্তারিত আন্তঃমন্ত্রক পরামর্শের মাধ্যমে এই নির্দেশিকা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলির নিরাপত্তা ও নিয়ন্ত্রক দিকগুলো এই চূড়ান্ত রূপরেখায় অন্তর্ভুক্ত হয়েছে। দেখা গেছে, বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে ওয়াকিটকি বিক্রি হচ্ছে কিন্তু পণ্যের বিবরণে স্পষ্ট করে উল্লেখ করা হচ্ছে না যে এগুলির জন্য ওয়্যারলেস অপারেটিং লাইসেন্স প্রয়োজন।