নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। পাহাড়ের কোলে গড়ে উঠতে চলেছে ফের এক নতুন পর্যটন কেন্দ্র। সম্প্রতি তেমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে সুখিয়াপোখরি থেকে পশুপতি ফটকের পথে ‘দ্বিতীয় লামাহাটা’ খুঁজে পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং সফরে গিয়ে পাহাড়ের রূপে মুগ্ধ হয়ে পড়েন তিনি।

চারদিকে পাইন বনের সারি, নিচে সবুজ চা বাগান, দূরে ধবল কাঞ্চনজঙ্ঘার চূড়া। প্রকৃতির সেই রূপে মোহিত হয়ে যান মুখ্যমন্ত্রী। মমতার স্মৃতিতে ফিরে আসে ২০১২ সালের কথা। সদ্য সরকার এসেছে, আর তিনি তখন পর্যটনকে বিশেষ প্রাধান্য দিচ্ছেন। দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার পথে এক অপরূপ জায়গা দেখে গাড়ি থামিয়েছিলেন তিনি। স্থানীয়রা জানান, জায়গাটির নাম লামাহাটা।

সেই দৃশ্যই তাঁকে অনুপ্রাণিত করেছিল। এরপর তাঁর ভাবনায় কয়েক মাসের মধ্যেই লামাহাটা গড়ে ওঠে রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে। সেখান থেকেই শুরু হয়েছিল ‘হোম স্টে’ সংস্কৃতি। স্থানীয় গ্রামবাসীর বিকল্প জীবিকা তৈরির উদ্যোগ। আজ সেই ‘হোম স্টে’ মডেল গোটা রাজ্যের পর্যটনের চেহারা বদলে দিয়েছে।