বেলুড় মঠ-কামারপুকুর-জয়রামবাটি রুটে চালু নতুন এসি ভলভো

ভক্ত ও পর্যটকদের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক করতে বেলুড় মঠ থেকে কামারপুকুর হয়ে জয়রামবাটি পর্যন্ত চালু হল নতুন এসি ভলভো বাস পরিষেবা। বুধবার সকাল ১১টায় বেলুড় মঠের প্রধান ফটকের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বাস পরিষেবার শুভ উদ্বোধন করেন রাজ্যের পরিবহন ও শ্রম দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অর্জুন সিং। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের (ডব্লিউবিটিসি) উদ্যোগে চালু হওয়া এই বাসটির নম্বর ACT-11।

নির্ধারিত রুট অনুযায়ী, বাসটি বেলুড় মঠ থেকে যাত্রা শুরু করে ডানকুনি, চাঁপাডাঙা, আরামবাগ ও কামারপুকুর হয়ে পৌঁছবে জয়রামবাটিতে। এই পরিষেবার অন্যতম বিশেষ আকর্ষণ হল, মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা। অর্থাৎ এই বাসে ভ্রমণের জন্য মহিলাদের কোনও ভাড়া দিতে হবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অর্জুন সিং বলেন, “আমরা যেটা চালাবো, সেটা বন্ধ হবে না। বাংলার বাস বন্ধ হবে না, বাংলা চলবে।” তিনি জানান, মুখ্যমন্ত্রী যখন পরিবহনমন্ত্রী ছিলেন, সেই সময় এই পরিষেবা চালু হয়েছিল। পরবর্তীকালে তা বন্ধ হয়ে যায়। তবে এবার এই পরিষেবা আর বন্ধ হবে না বলেই আশ্বাস দেন তিনি। জগদ্ধাত্রী পুজোর পুণ্যলগ্নে এমন একটি পরিষেবা চালু করতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন।

মন্ত্রী আরও জানান, আগামী দিনে যাত্রী চাহিদা অনুযায়ী রাজ্যের বিভিন্ন রুটে বাসের সংখ্যা বাড়ানো হবে। ইতিমধ্যেই পরিবহন দপ্তরের উদ্যোগে ৩০টি নতুন সরকারি ভলভো বাস আনার প্রক্রিয়া চলছে। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই বাসে রয়েছে বায়ো-টয়লেট, আরামদায়ক প্রশস্ত আসন-সহ একাধিক বিশেষ ব্যবস্থা। মুখ্যমন্ত্রীর নির্দেশেই দ্রুত এই পরিষেবা চালু করা সম্ভব হয়েছে বলে জানান তিনি। বেলুড় মঠের মহারাজদের পক্ষ থেকেও এই বাস পরিষেবা চালুর দাবি জানানো হয়েছিল। যাত্রী সংখ্যা বাড়লে সেই অনুযায়ী আরও বাসের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।