একাধিক নির্দেশ খাদ্যমন্ত্রীর তরফে

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে এবার খাদ্য ও সরবরাহ দপ্তরে কর্মীদের বদলিকে কেন্দ্র করে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় দপ্তরের একাধিক আধিকারিকের পোস্টিং ও ট্রান্সফারের ক্ষেত্রে অর্থ লেনদেন হয়েছে বলে অভিযোগ দায়ের করা হয়েছে। এই বদলি দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া।

বিষয়টি জানিয়ে খাদ্যদপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং ডিরেক্টরের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ডিরেক্টরের কাছে অভিযোগপত্রটি জমা দেন। দাবি করা হয়েছে, বদলির ক্ষেত্রে বিভিন্ন কর্মীর কাছ থেকে বিপুল অর্থ নেওয়া হয়েছে। একটি কর্মচারী সংগঠনের প্রভাব বলয়ের মধ্যেই এই কার্যকলাপ চলত বলেও অভিযোগ। অভিযোগকারীদের দাবি, গোটা চক্রটির নেতৃত্বে ছিলেন মিন্টু বাগচী। এছাড়া হেড কোয়ার্টারের ইউডিসি দেবাশিস রায় এবং হেড কোয়ার্টারে কর্মরত নিলয় চক্রবর্তীও এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ।