দক্ষিণ ২৪ পরগনায় সচেতনতা উদ্যোগে মণিপাল হসপিটালসের ‘অন্বেষণা’

পূর্ব ভারতের অন্যতম প্রধান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মণিপাল হসপিটালস (ইএম বাইপাস), আজ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে তাদের বিশেষ উদ্যোগ ‘অন্বেষণা – মিডিয়া এডুকেশন ফর মিডিয়া’-র অধীনে একটি সচেতনতামূলক সভার আয়োজন করে। এই সভার মূল লক্ষ্য ছিল গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রোগ, কিডনি সমস্যা এবং জটিল হৃদরোগের ক্রমবর্ধমান প্রকোপ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ড. সৌরভ মুখোপাধ্যায়, নেফ্রোলজিস্ট ডঃ রোহিত রুংটা এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ড. দেবপ্রিয় মণ্ডল। চিকিৎসকরা জীবনযাত্রার পরিবর্তন এবং খাদ্যাভ্যাসের কারণে হওয়া বিভিন্ন রোগ, প্রাথমিক রোগ নির্ণয়ের গুরুত্ব এবং আধুনিক চিকিৎসার সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ডঃ রোহিত রুংটা জানান, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের কারণে ক্রনিক কিডনি ডিজিজ আশঙ্কাজনকভাবে বাড়ছে। শুরুতেই রোগ ধরা পড়লে এবং জীবনযাত্রা পরিবর্তন করলে দীর্ঘমেয়াদে সুফল পাওয়া সম্ভব। ড. সৌরভ মুখোপাধ্যায় আবার ফ্যাটি লিভার, অ্যাসিড রিফ্লাক্স এবং লিভারের জটিলতা নিয়ন্ত্রণে উন্নত এন্ডোস্কোপিক পদ্ধতির গুরুত্বের কথা তুলে ধরেন। ডঃ দেবপ্রিয় মণ্ডল আধুনিক কার্ডিয়াক কেয়ার এবং মিনিমালি ইনভেসিভ পদ্ধতি যেমন টিএভিআর এবং উন্নত অ্যাঞ্জিওপ্লাস্টির সুফল ব্যাখ্যা করেন, যা রোগীকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে।

সভায় বারুইপুরের সাংবাদিকদের জন্য একটি ‘মিডিয়া প্রিভিলেজ কার্ড’ লঞ্চ করা হয়, যা জরুরি প্রয়োজনে দ্রুত স্বাস্থ্য পরিষেবা পেতে সাহায্য করবে। ‘অন্বেষণা’ উদ্যোগটি এর আগে তমলুক, বর্ধমান, শিলিগুড়ি ও মালদহ সহ বিভিন্ন জায়গায় সফলভাবে আয়োজিত হয়েছে। মণিপাল হসপিটালসের এই প্রয়াস প্রান্তিক অঞ্চলের মানুষের কাছে উন্নত চিকিৎসা পৌঁছে দেবে বলা আশা করা হচ্ছে।